UGC-যোগ্যতাসম্পন্ন SACT-I শিক্ষকদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা ও ন্যায্য স্বীকৃতির দাবিতে BECUTA-এর সাংবাদিক সম্মেলন

কলকাতা, ২৮ নভেম্বর, ২০২৬:বেঙ্গল এলিজিবল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (BECUTA)-এর উদ্যোগে আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা SACT-I (State Aided College Teacher-I) শিক্ষকদের পেশাগত বঞ্চনা, আর্থিক অনিশ্চয়তা এবং দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলি রাজ্য সরকারের দৃষ্টিগোচর করাই ছিল এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, SACT-I শিক্ষকরা UGC-নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় পেশাগত দক্ষতার অধিকারী। তাঁদের অনেকেই দীর্ঘ ১০, ১৫, ২০ এমনকি ২৫ বছর বা তারও বেশি সময় ধরে কলেজের পঠনপাঠন, গবেষণা, শিক্ষার প্রসার এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্মাণে নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে অবদান রেখে চলেছেন। অথচ এত দীর্ঘ কর্মজীবন ও গুরুত্বপূর্ণ অবদান সত্ত্বেও তাঁদের যথাযথ পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আজও সুনিশ্চিত হয়নি। এই দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা শিক্ষকদের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে গভীর প্রভাব ফেলছে।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে BECUTA-এর পক্ষ থেকে SACT-I শিক্ষকদের জন্য UGC-সুপারিশকৃত বেতন কাঠামো, প্রযোজ্য ROPA অনুযায়ী আর্থিক সুবিধা, সমতুল্য মহার্ঘ ভাতা (DA), পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের সুযোগ এবং উপযুক্ত পেশাগত পদমর্যাদা প্রদানের দাবি উত্থাপন করা হয়। সংগঠনের মতে, এই দাবিগুলি কোনও বিশেষ অনুগ্রহ বা অতিরিক্ত সুযোগের দাবি নয়; বরং শিক্ষকদের যোগ্যতা, অভিজ্ঞতা, কর্মনিষ্ঠা ও অবদানের ভিত্তিতে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি।

BECUTA মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নারীশক্তির বিকাশ, নারীর ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরতার ভাবনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে। সংগঠনের বক্তব্য, মহিলা SACT-I শিক্ষকরা তাঁদের মেধা, যোগ্যতা ও অধ্যাপনার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষিত, দক্ষ ও আত্মনির্ভর করে তুলছেন। অথচ যাঁরা সমাজ ও দেশের ভবিষ্যৎ নির্মাণে নিরলসভাবে কাজ করছেন, তাঁদের নিজেদের আর্থিক স্বনির্ভরতা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং যথাযথ প্রাতিষ্ঠানিক মর্যাদা নিশ্চিত করাও সমানভাবে জরুরি। নারীশক্তির প্রকৃত ক্ষমতায়ন তখনই অর্থবহ হয়ে উঠবে, যখন কর্মক্ষেত্রে তাঁদের যোগ্যতা ও অবদানের যথাযথ মূল্যায়ন হবে।

রাজ্য সরকারের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ব্যক্ত করে BECUTA-এর প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকার SACT-I শিক্ষকদের দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, যোগ্যতা ও অবদানের যথাযথ মূল্যায়নে ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন। তাঁরা আরও উল্লেখ করেন, বহু শিক্ষক ইতিমধ্যেই তাঁদের কর্মজীবনের ১০, ১৫, ২০ কিংবা ২৫ বছরেরও বেশি সময় অতিক্রম করেছেন। ফলে তাঁদের অবশিষ্ট চাকরিজীবনের সময় ক্রমশ সীমিত হয়ে আসছে। এই বাস্তবতায় সমস্যাটির সমাধান আর বিলম্বিত হওয়া উচিত নয়।

BECUTA-এর দৃঢ় বিশ্বাস, রাজ্য সরকার বিষয়টির মানবিক, সামাজিক ও শিক্ষাগত গুরুত্ব উপলব্ধি করে SACT-I শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। শিক্ষকদের ন্যায্য অধিকার, পেশাগত সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার একটি বাস্তবসম্মত, ন্যায়সংগত, সম্মানজনক ও স্থায়ী সমাধানের পথ প্রশস্ত করবেন বলেই সংগঠন আশাবাদী।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *