কলকাতা, ২৭ নভেম্বর ২০২৬: কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বন্ধন ব্যাঙ্ক, জুবিল্যান্ট ভারতিয়া ফাউন্ডেশন-এর সহযোগিতায় দেশের বিভিন্ন বড় উৎসব উপলক্ষে তাদের মোবাইল মেডিক্যাল ইউনিট (এমএমইউ) মোতায়েন করে। সাম্প্রতিক উৎসব মরশুমে ১২টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ২০টি স্থানে আয়োজিত ১১৪টি স্বাস্থ্য শিবিরের মাধ্যমে ৫,০০০-এরও বেশি মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
এই উদ্যোগের আওতায় গণেশ উৎসব, দুর্গাপূজা, কালীপূজা/দীপাবলি, ছটপূজা এবং জগদ্ধাত্রীপূজার মতো গুরুত্বপূর্ণ উৎসব অন্তর্ভুক্ত ছিল। পশ্চিমবঙ্গ, অসম, বিহার, দিল্লি, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাব, তামিলনাড়ু, তেলঙ্গানা এবং উত্তরপ্রদেশে বৃহৎ জনসমাগমের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। মহারাষ্ট্রে গণেশ উৎসব দিয়ে শুরু হয়ে পশ্চিমবঙ্গে জগদ্ধাত্রীপূজায় শেষ হওয়া এই উদ্যোগের মাধ্যমে ভক্ত, দর্শনার্থী এবং স্থানীয় বাসিন্দাদের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। এই সর্বভারতীয় উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার পাশাপাশি বৃহৎ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনকল্যাণমূলক পরিষেবা দেবার অঙ্গীকার আরও জোরদার করেছে ব্যাঙ্ক।
দেশের বিভিন্ন খ্যাতনামা উৎসব প্রাঙ্গণে এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মহারাষ্ট্রের পুনেতে শ্রীমন্ত দগডুশেঠ হালওয়াই সর্বজনীন গণপতি ট্রাস্ট, পশ্চিমবঙ্গের কলকাতায় সল্টলেক এফডি ব্লক দুর্গাপূজা, টালা প্রত্যয় দুর্গাপূজা, ফাটাকেষ্ট কালীপূজা, কেএনসি রেজিমেন্ট কালীপূজা, শিলিগুড়ির তরুণ অ্যাথলেটিক ক্লাব কালীপূজা এবং কৃষ্ণনগরের বারোয়ারি বুড়িমা জগদ্ধাত্রীপূজা।
এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন বড় উৎসবস্থলে ভক্ত, দর্শনার্থী ও স্থানীয় মানুষের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্যপরামর্শ, প্রাথমিক চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। প্রতিটি মোবাইল মেডিক্যাল ইউনিটে একজন চিকিৎসক, একজন ফার্মাসিস্ট এবং একজন চালক নিযুক্ত ছিলেন। ইউনিটগুলিতে রক্তে শর্করার মাত্রা, হিমোগ্লোবিন, রক্তচাপ, SpO₂ ও BMI পরীক্ষা ছাড়াও স্পাইরোমেট্রি, অডিওমেট্রি এবং পোর্টেবল ECG পরীক্ষার সুবিধা ছিল। পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কর্মসূচিও ছিল।
বন্ধন ব্যাঙ্কের মুখপাত্র বলেন, “উৎসব ভারতের সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা বিভিন্ন সম্প্রদায়কে একসঙ্গে বেঁধে রাখে। আমাদের মোবাইল মেডিক্যাল ইউনিটের মাধ্যমে এইসব উৎসবে অংশগ্রহণকারী ভক্ত ও দর্শনার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবার সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং মানুষের সামগ্রিক কল্যাণে কাজ করার প্রতি আমাদের যে অঙ্গীকার, তারই প্রতিফলন।”
বন্ধন ব্যাঙ্কের CSR কর্মসূচিগুলি এখন পর্যন্ত ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৪টি জেলায় প্রায় ৩০ লক্ষ পরিবারকে ইতিবাচকভাবে সহযোগিতা করেছে। স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতার মতো ক্ষেত্রে বিশেষত নারী ও গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে এই কর্মসূচিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতির প্রতি নিজেদের প্রতিশ্রুতি আরও এগিয়ে নিয়ে যাচ্ছে বন্ধন ব্যাঙ্ক।





