- আকাশবাণী কলকাতার শতবর্ষে লন্ডনে গান প্রকাশ বিশিষ্ট কন্ঠশিল্পী সোমা দাস এর,”ওগো আমার আগমনী আলো” এর মিউজিক ভিডিওতে শ্রদ্ধাঞ্জলি এই রেডিওকে
বাঙালি গায়িকা সোমা দাসের কাছে মহালয়ার সূচনা মানেই ছিল এক বিশেষ সুর—রেডিওতে সম্প্রচারিত ‘মহিষাসুরমর্দিনী’-র সেই পরিচিত কণ্ঠস্বর ও সঙ্গীত। দুর্গাপূজার প্রতীক্ষায় ভরা সেই শৈশবের সকালগুলো তাঁর কাছে অত্যন্ত ব্যক্তিগত ও আবেগময় এক স্মৃতি হয়ে আছে।
সোমা সম্প্রতি আকাশবাণী কলকাতার ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানের অন্যতম জনপ্রিয় গান “ওগো আমার আগমনী আলো” প্রকাশ করলেন লন্ডন থেকে। তাঁর এই পরিবেশনা সেইসব শিল্পী ও সম্প্রচারকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, যাঁরা প্রজন্মের পর প্রজন্ম ধরে মহালয়ার সেই আবহ ও চেতনাকে বাঁচিয়ে রেখেছেন।
মূল গানটির রচয়িতা ছিলেন বাণী কুমার, কণ্ঠ দিয়েছিলেন শিপ্রা বসু এবং সুর করেছিলেন পঙ্কজ মল্লিক।
দুর্গাপূজার আগেই গানটি মুক্তি পাল। আকাশবাণী কলকাতার এ এক বিশেষ প্রভাতী অনুষ্ঠান যা আজও সমান ভাবে জনপ্রিয়। কলকাতায় রেডিও এর কথা মনে করলেই অবধারিত ভাবে মহিষাসুরমর্দিনী এর কথা আসবেই।
মূলধারার বাইরের বা লোকসঙ্গীতের শিল্পীদের প্রতি গভীর অনুরাগী সোমা দাস বর্তমানে লন্ডনে বসবাস করলেও, তিনি কলকাতার বিখ্যাত সঙ্গীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘দক্ষিণী’ থেকে রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা করেছিলেন। তিনি সঙ্গীতের একনিষ্ঠ অনুরাগী এবং যেকোনো ধরনের সঙ্গীত নিয়ে কাজ করতেই ভালোবাসেন। বাউল, আদিবাসী শিল্পী, পথ-সঙ্গীতশিল্পী কিংবা ঐতিহ্যবাহী পুরনো ‘ব্যান্ড পার্টি’—সব ধরনের লোকশিল্পীদের সাথেই তিনি কাজ করতে পছন্দ করেন। এর আগে শান্তিনিকেতনে বাউলদের সাথে শুটিং এবং সাঁওতালি শিল্পীদের সাথে নাচের মিউজিক ভিডিওর অভিজ্ঞতাও তাঁর রয়েছে। তিনি প্রখ্যাত সুরকার ও সঙ্গীতশিল্পী দেবজ্যোতি মিশ্রের সাথে তাঁর প্রথম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘আমার প্রাণের মানুষ’-এর কাজ করেছিলেন ,কলকাতার জনপ্রিয় ‘মাহবুব ব্যান্ড পার্টি’-র উপস্থিতিতে অ্যালবামটি মুক্তি পেয়েছিল। এছাড়া তিনি সহ-শিল্পী প্রত্যয় রাহার সাথে ‘জাত গেল’ গানটি প্রকাশ করেছেন, যাতে আবৃত্তি করেছিলেন সাম্য কার্ফা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিনি রূপঙ্করের কথায় ও সুরে ‘একুশের গান’ এবং জয় সরকারের সাথে ‘ফিরে আসছি’ গানটিও প্রকাশ করেছিলেন। নিজের শিকড় ও সংস্কৃতিকে উদযাপন করা তাঁর চিরকালীন ভালোলাগার বিষয়।
“ছোটবেলায় মহালয়ার সকাল মানেই ছিল এক বিশেষ অনুভূতি। ‘মহিষাসুরমর্দিনী’ শোনার মাধ্যমেই আমি বুঝতে পারতাম যে পূজা আসছে।” সেই স্মৃতিগুলোকে সম্মান জানাতে এবং আকাশবাণী কলকাতার সঙ্গীত-ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আমি এই গানটি বেছে নিয়েছি,” বলেন সোমা। মিউজিক ভিডিও তে আছে আকাশবাণী কলকাতার নানা কিংবদন্তিদের ছবি যা সেই সময়কে মনে করিয়ে দেয়।






