আনন্দদিন প্রতিনিধি :খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন বাংলা ছবি ‘কুঞ্জম কুঞ্জম ভালোবাসা’-র শুটিং। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এটি পশ্চিমবঙ্গ ও দক্ষিণ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত একটি সিনেমা।

ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন দক্ষিণ ভারতের উদীয়মান ও সম্ভাবনাময় অভিনেতা উদয় এবং বাংলায় মেয়ে রিয়া মণ্ডল।ছবিটি দুজনেরই ডেবিউ ছবি।

সিনেমাটির পরিচালনা করবেন অনিন্দ্য সাগর এবং সৃজনশীল পরিচালক হিসেবে থাকছেন সঞ্জয় নস্কর। কাহিনি ও সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সুভাষ দে। চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন ওয়াই ভি লক্ষ্মীনারায়ণ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেবাশিস সেনগুপ্ত। ছবিটি প্রযোজনা করছেন পাটনাম বিজয়, পাটনাম হেমালতা ও অশোক মহন্ত। উপস্থাপনায় রয়েছে উদয় ক্রিয়েশনস ও শীতল ফিল্মস প্রোডাকশন্স।নতুন বাংলা ছবি ‘কুঞ্জম কুঞ্জম ভালোবাসা’-র শুটিং শুরু হতে চলেছে।

গল্পটি দক্ষিণ ভারতের এক যুবকের, যে এক বাঙালি তরুণীর প্রেমে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রেমের সম্পর্কটি কীভাবে গড়ে ওঠে, তা নিয়েই এই সিনেমার কাহিনি। ‘কুঞ্জম কুঞ্জম’ শব্দটির অর্থ ‘একটু একটু’। ‘কুঞ্জম’ একটি তামিল শব্দ। ভিন্ন সংস্কৃতির দুই তরুণ-তরুণী নানা প্রতিকূলতা সত্ত্বেও কীভাবে একে অপরের কাছাকাছি আসে, তা-ই এই ছবির মূল বিষয়।

ছবিটিতে মোট চারটি গান থাকছে । এর মধ্যে একটি গানে কণ্ঠ দিচ্ছেন কুমার শানু এবং সায়ন্তনী ঘোষ (জি বাংলা ‘সা রে গা মা পা’-এর ফাইনালিস্ট)।এবছরের ডিসেম্বর মাসে কুমার শানুর গানটির রেকর্ডিং হতে চলেছে ।

বাংলা ভাষায় নির্মিত এই ছবিটি পরবর্তীতে ৫-৬টি ভাষায় রিলিজ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।




