- মৃত্যুর পরেও কি ভালোবাসা বেঁচে থাকে? নাকি সবটাই স্মৃতির প্রতিচ্ছবি?
- নিবেদনায় রণরাজ মিডিয়া রেনবো প্রোডাকশান যৌথভাবে এবং স্বাদে আল্হাদে
উত্তরবঙ্গের মেঘে ঢাকা পাহাড়ের পটভূমিতে ভালোবাসা, অতিপ্রাকৃত রহস্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এক অভিনব মেলবন্ধন নিয়ে তৈরি হচ্ছে নতুন শর্ট ফিল্ম ‘THE CLOUD HOUSE’। ছবির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন রন রাজ (Ron Raj) এবং প্রযোজনায় মুনীন্দ্র কুনওয়ার (Munindra Kunwar)।
সাইকোলজিক্যাল হরর, সুপারন্যাচারাল রোমান্স এবং সায়েন্স ফিকশন ঘরানার এই ছবির গল্প আবর্তিত হয়েছে পাহাড়ের এক নির্জন, রহস্যময় হোটেলকে কেন্দ্র করে। যেখানে জীবিত ও মৃতের অস্তিত্বের সীমারেখা ক্রমশ অস্পষ্ট হয়ে ওঠে।
গল্পের কেন্দ্রে রয়েছে অর্ক ও মীরা—দুই প্রেমিক-প্রেমিকা, যাদের পাহাড়ি সফর ধীরে ধীরে এক অজানা রহস্যের দিকে মোড় নেয়। যুক্তিবাদী AI ডেভেলপার অর্ক বিশ্বাস করে প্রযুক্তির মাধ্যমে মানুষের স্মৃতি ও ব্যক্তিত্ব পুনর্নির্মাণ সম্ভব। অন্যদিকে স্বপ্নবিলাসী মীরা বিশ্বাস করে, ভালোবাসা মৃত্যুর পরেও থেকে যেতে পারে।
তাদের সঙ্গে পরিচয় হয় আধুনিক চিন্তাধারার এক তরুণ তান্ত্রিক রুদ্রর, যিনি বিজ্ঞান ও অতিপ্রাকৃত বিশ্বাসের মধ্যে উত্তর খোঁজেন। হোটেলের রহস্যময় মালিক ডিকি লামা যেন জানেন এমন কিছু সত্য, যা অন্যদের অজানা। স্নেহশীলা অথচ রহস্যময়ী নিমার কাছে জীবিত ও মৃতের মধ্যে কোনো বিভেদ নেই। আর অপরূপ সুন্দরী তারা প্রতিদিন পাহাড়ের দিকে তাকিয়ে অপেক্ষা করে এক পরিচিত কণ্ঠস্বরের, যার ডাকে সে কখনো সাড়া দেয় না।
কিন্তু হোটেলে ঘটতে থাকা অস্বাভাবিক ঘটনাগুলো যখন প্রত্যেকের অস্তিত্বকেই প্রশ্নের মুখে দাঁড় করায়, তখন উঠে আসে এক গভীর প্রশ্ন—একটি পরিচিত কণ্ঠস্বর ফিরে আসা মানেই কি সেই মানুষটির ফিরে আসা?
আধুনিক AI প্রযুক্তির যুগে মানুষের স্মৃতি, ভালোবাসা, মৃত্যু এবং অস্তিত্বের দার্শনিক প্রশ্নকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। পরিচালকের ভাবনায়, The Cloud House কেবল একটি ভূতের গল্প নয়; এটি এমন এক ভালোবাসার আখ্যান, যেখানে বাস্তব ও অবাস্তবের সীমারেখা মিলিয়ে যায়।
প্রায় ২০ মিনিটের এই হিন্দি ভাষার শর্ট ফিল্মে কলকাতা ও মুম্বইয়ের শিল্পীদের সমন্বয় থাকছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দর্শকদের কথা মাথায় রেখে নির্মিত ছবিটি বর্তমান প্রজন্মের প্রযুক্তিনির্ভর জীবনদর্শনের সঙ্গে চিরন্তন মানবিক অনুভূতির সংযোগ খুঁজবে।






