অরুণাভ খাসনবিশ পরিচালিত হরর–থ্রিলার ‘আমিষ’ আজ প্রেতকথা ইউটিউব চ্যানেলে মুক্তি পেল। এর আগে ছবিটির গ্র্যান্ড প্রিমিয়ার হয়েছিল কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, সুহত্র মুখোপাধ্যায় সহ চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট অতিথি।

ছবির গল্পে প্রীতি নামের এক তরুণী সিভিল ইঞ্জিনিয়ার কাজের সূত্রে কলকাতা থেকে যান চন্দনপুরে। দাদু–দিদার পুরনো বাড়িতে আশ্রয় নিতেই শুরু হয় অদ্ভুত এক অভিজ্ঞতা। সময় যেন ভিন্ন খেলা শুরু করে তার সঙ্গে—কখনও থালায় থাকে মাছ–মাংস, আবার কখনও কেবল ভাত–ডাল। অবশেষে প্রীতি আটকে যায় সেই বাড়ির এক বন্ধ ঘরে, যেখানে অপেক্ষা করছে তার বহু পুরোনো ভুলের ছায়া।

পরিচালক অরুণাভ খাসনবিশ বলেন, “প্রীতির চরিত্র আসলে আমাদের সবার ভেতরের মুখ। দিনের আলোয় আমরা নিরামিষ হতে চাই, অথচ রাতের অন্ধকারে আমাদের আমিষ লোভই সামনে চলে আসে। সেই দ্বৈততার ভেতরেই আমি খুঁজেছি ভয়ের জন্ম।”

প্রযোজক গৌরব তপাদার বলেন, “‘আমিষ’ মূলত একটা রাতের ঘটনা—যে রাত প্রীতিকে ঠেলে দিয়েছে অনন্ত অন্ধকারে। সেই অন্ধকারে অপেক্ষা করছে তার চেনা কেউ, যাকে সময়ের সাথে সাথে ভুলতে বসেছিল প্রীতি। এই সিনেমা বানানোর সাহস আমাকে দিয়েছেন আমার স্ত্রী, মা, বাবা, আমার স্যার সায়ক গাঙ্গুলি এবং বন্ধু কুনাল বোস। আর সেই সাহসকে বাস্তবায়িত করেছেন অরুণাভ খাসনবিশ ও গোটা টিম।”

প্রিমিয়ারের তারকাখচিত উপস্থিতি এবং আজকের মুক্তি মিলিয়ে ‘আমিষ’ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়াচ্ছে। প্রেতকথা ইউটিউব চ্যানেলে ছবিটি এখন দেখা যাচ্ছে।





