
✍️দিপান্বিতা মন্ডল
টলিউডে আবারও উইন্ডোজ ম্যাজিক! ‘বহুরূপী’র বিশাল সাফল্যের পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় ফিরছেন তাঁদের নতুন ছবি ‘আমার বস’ নিয়ে। বৃহস্পতিবার, পরিচালক নন্দিতা রায়ের জন্মদিনে উইন্ডোজ প্রোডাকশন জাঁকজমকের সঙ্গে প্রকাশ করল ছবির টিজার। ছবির বিষয়বস্তু, তারকা তালিকা সব মিলিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।
এই ছবির সবচেয়ে বড় চমক রাখী গুলজার। দীর্ঘ ২২ বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি, আর তাঁর সঙ্গে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মা-ছেলের সম্পর্কের আবেগঘন গল্প নিয়ে তৈরি এই ছবি ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
বৃহস্পতিবার টিজার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, গৌরব চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন, সহ অনেকে।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় এদিন বলেন, ‘মে মাস আমাদের জন্য বরাবরই লাকি। মে মাস আমাদের ভালোবাসার মাস। ২০১৫ সালের ১লা মে আমাদের বেলাশেষে সিনেমাটি রিলিজ করে তারপর থেকেই মে মাসে বা মে মাসের আশেপাশে আমাদের সব সিনেমা মুক্তি পায়, এবারও তার ব্যতিক্রম নয়। আশা করছি, ‘আমার বস’ও দর্শকদের মন জয় করবে।’
টিজারে মা ও ছেলের সম্পর্কের টানাপোড়েন, আবেগ আর নাটকীয় মুহূর্তের ঝলক ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। উইন্ডোজের এই নতুন উপহার দেখার অপেক্ষায় এখন সবাই!আগামী ৯ মে বড় পর্দায় আসছে ‘আমার বস’।




