ভারতজুড়ে বায়ুদূষণ বৃদ্ধির জেরে জনস্বাস্থ্য বিষয়ক পরামর্শ জারি করল কেয়ার হেলথ ইনস্যুরেন্স

২০ নভেম্বর, ২০২৬: চলতি শীতের মরশুমে বায়ুদূষণের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে একটি জনস্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ জারি করেছে কেয়ার হেলথ ইনস্যুরেন্স। ১৮ নভেম্বর কলকাতার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) (https://airquality.cpcb.gov.in/ccr/). ছিল ১৯০, যা অস্বাস্থ্যকর বায়ুর গুণমানের ইঙ্গিত দেয়। বিশেষ করে PM2.5-এর উচ্চ মাত্রা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। শিশু, প্রবীণ নাগরিক এবং আগে থেকেই শ্বাসযন্ত্র বা হৃদ্‌রোগ সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের দীর্ঘক্ষণ দূষিত বাতাসের সংস্পর্শ এড়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।

বিমা সংস্থার ক্লেম সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে শ্বাসযন্ত্রের রোগের কারণে হাসপাতালে ভর্তির ক্লেম প্রতিটি মাসেই ১১ শতাংশ করে বেড়েছিল। যা ওই বছরের মধ্যে মাসিক বৃদ্ধির সর্বোচ্চ হার। এছাড়া, ২০২৫-২৬ অর্থবর্ষে শ্বাসযন্ত্রের রোগ সংক্রান্ত মোট ক্লেমের ৫৮ শতাংশই ছিল শিশু ও প্রবীণ নাগরিকদের। ২০২৫-২৬ অর্থবর্ষে হাসপাতালে ভর্তির জন্য করা সমস্ত ক্লেমের মধ্যে প্রায় ৮.২ শতাংশ ছিল শ্বাসযন্ত্রের অসুস্থতা সংক্রান্ত। ২০২৫ সালের অক্টোবর মাসে এই ধরনের ক্লেমের হার ছিল সর্বোচ্চ।

বিশেষত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত বিপদ আরও উদ্বেগজনক। কেন্দ্রীয় মন্ত্রকের পরামর্শেও শিশু, গর্ভবতী মহিলা, প্রবীণ নাগরিক, আগে থেকে কোনও শারীরিক সমস্যায় ভুগছেন এমন ব্যক্তি এবং বাইরে কাজ করেন এমন কর্মীদের প্রতি বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে শ্বাসযন্ত্রের রোগের কারণে হাসপাতালে ভর্তির মোট ক্লেমের ৪০ শতাংশই ছিল ০-১২ বছর বয়সি শিশুদের। ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এই হার বেড়ে প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। উভয় মাসেই এই হার ছিল ৪৮ শতাংশ। অন্যদিকে, ৬০ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই হার ছিল ১৭ শতাংশ। ২০২৫ সালের অক্টোবর মাসে এই দুই গোষ্ঠী মিলিতভাবে শ্বাসযন্ত্রের রোগ সংক্রান্ত মোট ক্লেমের ৬৩ শতাংশের জন্য দায়ী ছিল।

এই পরিসংখ্যান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কেয়ার হেলথ ইনস্যুরেন্সের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার মনীশ দোদেজা বলেন, “ভারতে বায়ুদূষণ একটি নিয়মিত জনস্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের বিষয়। এটি শুধু শ্বাসযন্ত্র ও হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যের উপরই প্রভাব ফেলে না, বরং চিকিৎসার খরচও বাড়িয়ে দেয়। পরিবারের ক্ষেত্রে গুরুতর অসুস্থতার অর্থ হতে পারে বিপুল চিকিৎসার খরচ, কাজ থেকে দীর্ঘ সময় দূরে থাকা এবং অতিরিক্ত আর্থিক চাপ। বায়ুর গুণমান উন্নত করার জন্য ধারাবাহিক পদক্ষেপ প্রয়োজন হলেও, ব্যক্তিগতভাবে দূষিত বাতাসের সংস্পর্শ কমানো এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব। পাশাপাশি, কোনও আকস্মিক অসুস্থতা একটি পরিবারের উপর কী ধরনের আর্থিক প্রভাব ফেলতে পারে, সেটিও উপলব্ধি করা জরুরি। এই ঝুঁকি সম্পর্কে আরও বেশি সচেতনতা পরিবারগুলিকে নিজেদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে এবং অপ্রত্যাশিত চিকিৎসার খরচের জন্য প্রস্তুত থাকতে সাহায্য করতে পারে।”

কেয়ার হেলথ ইনস্যুরেন্সের পক্ষ থেকে ব্যক্তিদের নিম্নলিখিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে:
১. প্রতিদিন নিজের এলাকার AQI পরীক্ষা করুন। AQI ২০০ ছাড়িয়ে গেলে বাইরে শরীরচর্চা করা সীমিত করুন। বিশেষ করে ভোরবেলা এবং সন্ধ্যার শেষ দিকে বাইরে শরীরচর্চা এড়িয়ে চলুন।
২. AQI বেশি থাকার দিনগুলিতে বাইরে বের হলে ভালোভাবে মুখে ফিট হয় এমন N95 মাস্ক পরুন। দূষণের মাত্রা সর্বোচ্চ থাকার সময়ে দরজা ও জানালা বন্ধ রাখুন। বাড়িতে HEPA-ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার ব্যবহার করার কথাও বিবেচনা করতে পারেন।
৩. শিশু, প্রবীণ নাগরিক, গর্ভবতী মহিলা এবং হাঁপানি, COPD, হৃদ্‌রোগ বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের বিশেষ যত্ন নিন। ইনহেলার ও চিকিৎসকের নির্ধারিত ওষুধ হাতের কাছে রাখুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ খাওয়া চালিয়ে যান।

৪. শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাস নেওয়ার সময় সাঁইসাঁই শব্দ, বুকে ব্যথা, বুক ধড়ফড় করা অথবা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে ওষুধ খাওয়া এড়িয়ে চলুন।
৫. আবর্জনা, শুকনো পাতা বা ফসলের অবশিষ্টাংশ পোড়ানো থেকে বিরত থাকুন। পাশাপাশি, ধূপ এবং মশা তাড়ানোর কয়েল থেকে ঘরের ভিতরে তৈরি হওয়া ধোঁয়ার সংস্পর্শও সীমিত করুন।
৬. চিকিৎসার খরচ বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আপনার বিমার আওতা রয়েছে কি না, তা নিয়মিত পর্যালোচনা করুন। আপনার বিমা পলিসিতে ভার্চুয়াল পরামর্শ পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে কি না, তা যাচাই করুন। এই পরিষেবা প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পেতে সাহায্য করতে পারে।

বায়ুর গুণমানের অবনতি ঘটলে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের ঝুঁকিপূর্ণ সদস্যদের সুরক্ষিত রাখার জন্য কেয়ার হেলথ ইনস্যুরেন্সের পক্ষ থেকে সকল পরিবারের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, অপ্রত্যাশিত চিকিৎসার খরচের জন্য প্রস্তুত থাকতে স্বাস্থ্যবিমার কভারেজ পর্যালোচনা করার পরামর্শও দেওয়া হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *