পরিচালক অভিজ্ঞান মুখার্জী এবার একসাথে নিয়ে এলেন দুটি ভিন্ন আবেগের বাংলা মিউজিক ভিডিও— ‘আদর ঘুরি’ ও ‘আমি আসবো সানন্দে’। দুটি ভিডিওতেই প্রেম ফুটে উঠেছে সম্পূর্ণ আলাদা মেজাজে—একটিতে রয়েছে মিষ্টি, নিষ্পাপ প্রেমের আভাস, অন্যটিতে দুঃখ ও ট্র্যাজেডির গভীরতা।
অভিজ্ঞান তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, “আমার মনে হয়েছে গানের মাধ্যমে যেন ছোট ছোট চলচ্চিত্র পরিচালনা করেছি—একটা মিষ্টি প্রেম, আরেকটা গভীর ট্র্যাজেডি।”
তিনি জানান, মিউজিক ভিডিও পরিচালনা তার প্রথম অভিজ্ঞতা হলেও প্রতিটি গল্পই তিনি যত্ন নিয়ে নির্মাণ করেছেন।
‘আমি আসবো সানন্দে’–তে অভিনয় করেছেন অর্কো ও অমৃতা চট্টোপাধ্যায়। নর্থ কলকাতা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল—সিনেমাটিক লোকেশনজুড়ে শুট হওয়া এই ভিডিও ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়োচ্ছে। অমৃতা বলেন,
“৩:৩০ মিনিটের ভিডিওতে যে সুন্দর গল্পটা বলা হয়েছে—তার পুরো কৃতিত্ব অভিজ্ঞানকেই দিতে চাই।”
তিনি জানান, গানটির স্ক্র্যাচ শুনেই তিনি যুক্ত হতে আগ্রহী হন এবং বৃষ্টির দিনেও টিমের নিখুঁত পরিকল্পনায় শুট সম্পন্ন হয়।
এদিকে ‘আদর ঘুরি’–র কেন্দ্রে রয়েছে চার চরিত্রের আবেগের টানাপোড়েন। এটি একটি ট্র্যাজিক প্রেমের গল্প, যেখানে ভালোবাসা, দ্বন্দ্ব ও নীরব যন্ত্রণার মিশেলে তৈরি হয়েছে এক গভীর মানবিক ড্রামা। ভিডিওটির অন্যতম মুখ ত্রিপর্ণা বরধন বলেন, “আদর ঘুরি’ আসলে এক ট্র্যাজিক প্রেমের গল্প—যেখানে প্রতিটি চরিত্র নিজের ভেতরে নিজস্ব যন্ত্রণা বয়ে বেড়ায়। আমার চরিত্রটি পাহাড়ি এক মেয়ের; তার সরলতা, নীরব শক্তি আর অন্তর্দ্বন্দ্বই তাকে আলাদা করে তোলে। আশা করি এই গল্প অনেক মানুষের হৃদয়ে পৌঁছাবে।”
ত্রিপর্ণা আরও জানান, অভিজ্ঞান প্রাকৃতিক, বাস্তব অভিনয়ের ওপর জোর দিয়েছেন—যা পুরো অভিজ্ঞতাটিকে আরও অর্গানিক ও অনুভূতিপূর্ণ করে তুলেছে।
দুটি ভিডিওই গল্প বলার ভিন্ন ধারার জন্য, সিনেমাটিক ভিজ্যুয়াল ও অভিনয়ের শক্তির জন্য দর্শকদের নজর কেড়েছে। প্রেমের দুই বিপরীত স্বাদ—মাধুর্য আর ব্যথা—এই দুই ভিডিওতে সমানভাবে উজ্জ্বল।
অভিজ্ঞান মুখার্জীর নির্দেশনায় দুটি নতুন মিউজিক ভিডিও— মিষ্টি প্রেম থেকে ট্র্যাজিক ভালোবাসার গল্প একসাথে পর্দায়






